উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক, গাছের চারা ও প্রশিক্ষণ সনদ বিতরণ
ঝিকরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন
- আপডেট সময় : ০৫:১৩:১২ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
- / ৪০ বার পঠিত

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. সাইফুল্লাহ। সরকারি শিশু পরিবারের শিক্ষক টিপু সুলতানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহ আলম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস কর্মকর্তা শামছুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী রাকিবুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন সুজন, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি আঁখি খাতুন, স্পোর্টস ক্লাবের সেক্রেটারি শাহাজান আলী, যুব উদ্যোক্তা নজরুল ইসলাম ও মেহেরুন্নেসা খাতুনসহ উপজেলা প্রশাসন এবং যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তারা।
আলোচনা সভায় যুবসমাজের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির গুরুত্ব তুলে ধরা হয়। পরে অনুষ্ঠানে আগত যুব উদ্যোক্তাদের মাঝে যুব ঋণের চেক, গাছের চারা ও প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. সাইফুল্লাহ।























