ছুটি বাতিল করে মাঠে থাকার নির্দেশ
টানা বৃষ্টিতে যশোরের আট উপজেলা জলাবদ্ধ
- আপডেট সময় : ০৯:২৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
- / ৫৫ বার পঠিত

টানা রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতে যশোরের আটটি উপজেলা জলাবদ্ধতার কবলে পড়েছে। বিশেষ করে অভয়নগর, মণিরামপুর, কেশবপুর ও ভবদহ অঞ্চলের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গিয়ে ধানের বীজতলা, সবজিক্ষেত ও মাছের ঘেরের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে লাখো মানুষ পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে পড়েছেন।
উদ্ভূত পরিস্থিতিতে রোববার (১২ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।
সভায় জেলা প্রশাসক জানান, গত দুই দিনে যশোরে ১৯৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ভবদহ অঞ্চলে ইতোমধ্যে ২৭ টন চাল বিতরণ করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী জেলার অন্যান্য ক্ষতিগ্রস্ত উপজেলাতেও পর্যায়ক্রমে ত্রাণসামগ্রী পাঠানো হবে।
তিনি আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জেলার সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) মাঠপর্যায়ে থেকে ক্ষতিগ্রস্ত কৃষক ও সাধারণ মানুষের পাশে থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় বন্যার কারণে সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়। এ সময় সিভিল সার্জন ডা. মাসুদ রানা জানান, জেলার প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে একটি করে অ্যান্টিভেনম মজুদ রয়েছে। পরে জেলা প্রশাসক প্রতিটি হাসপাতালে অন্তত সাতটি করে অ্যান্টিভেনম সংরক্ষণের নির্দেশ দেন।
সভায় জুন মাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে জানানো হয়, জেলার সার্বিক পরিস্থিতি সন্তোষজনক থাকলেও খুন, ডাকাতি, ছিনতাই এবং মাদকসংক্রান্ত অপরাধের প্রবণতা বেড়েছে। এসব অপরাধ দমনে কিশোর গ্যাং, মাদক কারবারি ও চোরাচালানিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় অবৈধ অস্ত্র, কিশোর গ্যাং, মাদক ও চোরাচালান দমনে একটি গোপন হটলাইন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি সীমান্ত এলাকায় বিজিবি ও পুলিশের যৌথ অভিযান অব্যাহত রাখা, শহরের অবৈধ দখল উচ্ছেদ ও যানজট নিরসনে নিয়মিত অভিযান পরিচালনা এবং আগামী ১৬ জুলাই রথযাত্রা উপলক্ষে জেলাজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, স্থানীয় সরকারের উপপরিচালক ও পৌর প্রশাসক সৈয়দ রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমলেশ মজুমদারসহ জেলা প্রশাসন, পুলিশ ও বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
























