প্রতারক চক্র থেকে সতর্ক থাকার আহ্বান
টিআরসি নিয়োগ ঘিরে যশোরে পুলিশের ব্রিফিং সভা
- আপডেট সময় : ০৬:৩০:৪৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
- / ৩৮ বার পঠিত

যশোরে আগামীকাল রবিবার (২২ নভেম্বর) অনুষ্ঠিতব্য ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬ কার্যক্রম সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছভাবে সম্পন্ন করার লক্ষ্যে নিয়োগ বোর্ডের সদস্য, সংশ্লিষ্ট কর্মকর্তা এবং নিয়োগ ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের নিয়ে ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বিকেল ৫টায় যশোর পুলিশ লাইন্স মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন যশোর জেলা নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা।
সভায় নিয়োগ বোর্ডের সদস্য ও মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামিনুর রহমান খান নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
তিনি বলেন, টিআরসি পদে নিয়োগ সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন করতে হবে। নিয়োগ কার্যক্রমের প্রতিটি ধাপে নিরপেক্ষতা বজায় রাখার পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত প্রত্যেক সদস্যকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। এ সময় তিনি বিভিন্ন টিমের সদস্যদের দায়িত্ব ও করণীয় সম্পর্কে বিস্তারিত নির্দেশনা দেন।
সভায় আরও উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম পিপিএম-সেবা, সার্কেল কর্মকর্তারা এবং নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও সদস্যরা।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, টিআরসি পদে নিয়োগ সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করা হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের আর্থিক লেনদেন বা অনিয়মের সুযোগ নেই। নিয়োগের নামে কোনো ব্যক্তি বা প্রতারক চক্রের সঙ্গে আর্থিক লেনদেনে না জড়ানোর জন্য চাকরিপ্রত্যাশীদের সতর্ক করা হয়েছে।




















