
ঝিনাইদহের মহেশপুর উপজেলার কৃতী সন্তান এবং সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি তারিকুজ্জামান কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন।
রবিবার (৭ জুন) বিকেলে মহেশপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা নবনির্বাচিত নেতাকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন যুবদলের যুগ্ম আহ্বায়ক ইয়াকুব আলী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক যুবদল সভাপতি আমিনুল ইসলাম বাবলু। এছাড়া বক্তব্য দেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাজেদুল জামান কাজল।
সমাবেশে ছাত্রদল, যুবদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা তারিকুজ্জামানকে কেন্দ্রীয় যুবদলের গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত করায় বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বকে ধন্যবাদ জানান এবং তার ভবিষ্যৎ সফলতা কামনা করেন। নেতারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে।

























