নড়াগাতীর ছয় ইউনিয়নে ফুটবল বিতরণ
- আপডেট সময় : ০৯:৫৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
- / ২০ বার পঠিত

নড়াইলের নড়াগাতী থানার ছয়টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের খেলার মাঠে ফুটবল বিতরণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন নড়াইল-১ (আসন-৯৩) এর সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম।
এ সময় নড়াগাতী থানা বিএনপির সভাপতি খান মতিয়ার রহমান এবং সাধারণ সম্পাদক ডা. বুলবুল আহমেদ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট নেতৃবৃন্দ জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করা, তাদের মাদক, কিশোর গ্যাং ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখা এবং সুস্থ সমাজ গঠনের লক্ষ্যেই এ ফুটবল বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে সুষ্ঠু, স্বচ্ছ ও যথাযথভাবে ফুটবল বিতরণ কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেন। তিনি বলেন, খেলাধুলার বিকাশ তরুণদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, খেলাধুলার প্রসারের মাধ্যমে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা গেলে মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব। এজন্য সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।


























