নবাগত খুলনা রেঞ্জ ডিআইজির যশোর সফর উপলক্ষে বিশেষ কল্যাণ সভা
- আপডেট সময় : ১১:১৮:৪০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
- / ৩১ বার পঠিত

নবাগত খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানের যশোর সফর উপলক্ষে জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১টা ৩০ মিনিটে যশোর পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে ডিআইজির যশোরে আগমন উপলক্ষে পুলিশ অফিসার্স মেসে জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম। সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন পুলিশ সুপার।
সভায় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ ও নন-পুলিশ সদস্যরা তাদের কল্যাণসংক্রান্ত বিভিন্ন সুবিধা-অসুবিধা ও প্রস্তাব ডিআইজির সামনে তুলে ধরেন। তিনি মনোযোগ দিয়ে সেগুলো শোনেন এবং তাৎক্ষণিকভাবে সমাধানযোগ্য বিষয়গুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। পাশাপাশি অন্যান্য যৌক্তিক দাবিগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস প্রদান করেন।
দিকনির্দেশনামূলক বক্তব্যে ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, “আমি কখনোই চাই না আমার কোনো পুলিশ সদস্যের কারণে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হোক।” তিনি পেশাগত দায়িত্ব পালনে সততা, শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান এবং সকল সদস্যকে এ বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেন।
তিনি আরও বলেন, পুলিশ সদস্যদের ন্যায্য ও যৌক্তিক দাবি পূরণে তিনি সর্বদা পাশে থাকবেন এবং তাদের কল্যাণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।
সভা পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাজিবুল ইসলাম। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম (পিপিএম-সেবা), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)সাখাওয়াত হোসেন, জেলার সব সার্কেল কর্মকর্তা, রেঞ্জ ডিআইজির স্টাফ অফিসার, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার, পুলিশ লাইন্সের আরআই, জেলার সব থানার অফিসার ইনচার্জ, সদর কোর্ট ইন্সপেক্টর, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন), ডিবি, ডিএসবি এবং জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
























