
জনসমক্ষে ছোট পোশাক পরা ব্যক্তিদের বিরুদ্ধে আইন প্রণয়নের আহ্বান জানিয়ে পাকিস্তানি গায়ক ফালাক শাবিরের দেওয়া মন্তব্যের কড়া সমালোচনা করেছেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) নেত্রী হিনা পারভেজ বাট। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে হিনা পারভেজ বলেন, ফালাক শাবিরের মতো কিছু মানুষ কেন সবসময় নারীদের পোশাক নিয়ে এত বেশি আগ্রহ দেখান, তা তার বোধগম্য নয়।
তিনি বলেন, বিশ্বের অনেক আধুনিক শহরে নারীরা কী পোশাক পরছেন, তা নিয়ে কেউ মাথা ঘামায় না। উদাহরণ হিসেবে তিনি তুরস্কের ইস্তাম্বুল শহরের কথা উল্লেখ করে বলেন, সেখানে নারীদের পোশাক নিয়ে জনসমক্ষে কোনো বিতর্ক বা মন্তব্য দেখা যায় না। অথচ পাকিস্তানে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এসে নারীদের ব্যক্তিগত পছন্দ নিয়ে মন্তব্য করতে শুরু করেন।
হিনা পারভেজ বাটের মতে, এ ধরনের সংকীর্ণ মানসিকতা দেশের উন্নয়ন ও অগ্রগতির পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তিনি দেশের মানুষকে অন্যের ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ না করে নিজেদের দায়িত্ব ও কাজের প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, মানুষের ব্যক্তিগত স্বাধীনতা ও পছন্দকে সম্মান করার সংস্কৃতি গড়ে উঠলে সমাজ সামগ্রিকভাবে উপকৃত হবে এবং পারস্পরিক সহনশীলতা বৃদ্ধি পাবে।
সম্প্রতি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজের প্রতি জনসমক্ষে ছোট পোশাক পরা ব্যক্তিদের বিরুদ্ধে আইন প্রণয়নের আহ্বান জানান গায়ক ফালাক শাবির। তার সেই বক্তব্যকে ঘিরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে।
সূত্র: সামা টিভি।

























