নারী আইনজীবীর মাথা ফাটানোর ঘটনায় সেই বিচারক প্রত্যাহার
- আপডেট সময় : ০৭:৪৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
- / ৪০ বার পঠিত

গোপালগঞ্জে আদালতের কার্যক্রম চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবী সাবিহা সুলতানার মাথায় আঘাতের ঘটনার পর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুজন মিয়াকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যার মধ্যেই তাকে বর্তমান কর্মস্থলের দায়িত্ব বুঝিয়ে দিয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-১) এ এফ এম গোলজার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ওই সদস্যকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হয়েছে।
এতে আরও বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তা বৃহস্পতিবার (২৩ জুলাই) অপরাহ্নেই মনোনীত কর্মকর্তার কাছে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন।
এর আগে বৃহস্পতিবার সকালে বিচারক সুজন মিয়ার প্রত্যাহার ও শাস্তির দাবিতে গোপালগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে বিক্ষোভ করেন আইনজীবীরা। পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে সমাবেশ করেন।
ঘটনার সূত্রপাত বুধবার (২২ জুলাই)। ওই দিন গোপালগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মো. সুজন মিয়ার আদালতে বিচার কার্যক্রম চলাকালে আদালত কক্ষের পেছনের সারিতে কয়েকজন বিচারপ্রার্থী আইনজীবীদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় বিচারক ক্ষিপ্ত হয়ে একটি কাঁচের পেপারওয়েট ছুড়ে মারেন বলে অভিযোগ ওঠে। সেটি গিয়ে শিক্ষানবিশ নারী আইনজীবী সাবিহা সুলতানার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
জেলা আইনজীবী সমিতির সূত্রে জানা গেছে, সাবিহা সুলতানা সিনিয়র আইনজীবী এম এম জুলকদর রহমানের অধীনে শিক্ষানবিশ হিসেবে কর্মরত।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর আইনজীবীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তারা বিচারকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।























