পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর আহবান প্রতিমন্ত্রীর
- আপডেট সময় : ০৪:১৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
- / ৭৭ বার পঠিত

পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি লাগানো গাছের যথাযথ পরিচর্যা করার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার (৩ জুলাই) যশোর উপশহরে সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব জমিতে আয়োজিত এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সোনালী ব্যাংক জেনারেল ম্যানেজার্স অফিস, যশোর এ কর্মসূচির আয়োজন করে।
প্রতিমন্ত্রী বলেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না। পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতিটি গাছের সঠিক পরিচর্যা নিশ্চিত করতে হবে। যত বেশি গাছ রোপণ ও সংরক্ষণ করা যাবে, ততই জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সুস্থ পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে।
তিনি আরও বলেন, ১৯৯১ সালে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর দেশে বৃক্ষরোপণ কর্মসূচিকে একটি সামাজিক আন্দোলনে রূপ দেন। সেই ধারাবাহিকতায় প্রতিবছর বৃক্ষরোপণ কর্মসূচির পরিধি বিস্তৃত হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী ইশতেহারে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের অঙ্গীকার করেছেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে দেশব্যাপী সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কার্যক্রম চলমান রয়েছে।
বক্তব্য শেষে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত একটি ফলদ গাছের চারা রোপণের মাধ্যমে এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক যশোর অঞ্চলের জেনারেল ম্যানেজার ইকবাল কবির।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক, সোনালী ব্যাংক যশোর করপোরেট শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মনিরুল ইসলাম, সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মশিয়ার রহমান, জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন সোনালী ব্যাংক যশোর অঞ্চলের সভাপতি দবীর উদ্দিন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রাজীবসহ সোনালী ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।




















