অস্ট্রেলিয়া পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
- আপডেট সময় : ০৭:২০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / ৪১ বার পঠিত

বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি পাঁচ দিনের সফরে অস্ট্রেলিয়া পৌঁছেছেন। শুক্রবার (২০ নভেম্বর) স্থানীয় সময় রাত ৮টা ২৪ মিনিটে তিনি সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
এর আগে শুক্রবার রাত ১২টা ৫০ মিনিটে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। সিডনি বিমানবন্দরে পৌঁছালে প্রবাসী বাংলাদেশিরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় বিপুলসংখ্যক প্রবাসীর ভালোবাসা ও আন্তরিকতায় সিক্ত হন জামায়াতের আমির।
সফরসঙ্গী হিসেবে তাঁর সঙ্গে রয়েছেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এমপি, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান এবং বিরোধীদলীয় নেতার একান্ত সচিব (এপিএস) মুহাম্মদ নজরুল ইসলাম।
সফরকালে ডা. শফিকুর রহমান অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেবেন তিনি। অস্ট্রেলিয়া সফর শেষে মালয়েশিয়ায় প্রবাসীদের আয়োজিত কর্মসূচিতেও যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। আগামী ২৬ নভেম্বর অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফর শেষে তাঁর দেশে ফেরার কথা রয়েছে।























