প্রধানমন্ত্রীর উদ্যোগে চোখের অস্ত্রোপচার হলো শিশু আবু বক্করের
- আপডেট সময় : ০৪:০৯:৪২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / ৪২ বার পঠিত

জন্ম থেকেই চোখের জটিল সমস্যায় ভুগছিল তিন বছর বয়সী শিশু আবু বক্কর। সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুটির চিকিৎসার জন্য সহযোগিতা চেয়ে প্রকাশিত একটি আবেদন নজরে আসে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ড. জুবাইদা রহমানের। এরপর প্রধানমন্ত্রীর সরাসরি উদ্যোগে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয় শিশুটির। ইতোমধ্যে রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে তার চোখে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় শিশুটির চিকিৎসা নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। এ কাজে উদ্যোগী হন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। প্রথমে বগুড়ায় চিকিৎসকদের মাধ্যমে শিশুটির স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।
গত সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে আবু বক্করের চোখে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর বুধবার (১৮ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিকিৎসক ও অর্থোপেডিক সার্জন ডা. শাহ মোহাম্মদ আমান উল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধিদল হাসপাতালে গিয়ে শিশুটির শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেয়।
এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন উপস্থিত ছিলেন। ডা. এম. আর. হাসানের সমন্বয়ে প্রতিনিধিদলটি সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলে শিশুটির চিকিৎসার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত হয়।
পরে প্রতিনিধিদলের সদস্যরা আবু বক্করের পরিবারের সঙ্গে কথা বলেন এবং তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন। একই সঙ্গে শিশুটির চিকিৎসা ও পরিবারের প্রয়োজন বিবেচনায় আর্থিক সহায়তাও প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. সায়ীদ মেহবুব উল কাদীর, ডা. এ. এস. এম. মাহবুব মুন্না, ডা. মো. মাহফুজুল আলম, ডা. জাকিয়া সুলতানা, ডা. আবু মোস্তফা কামাল, ডা. মো. মাসুদ রানা, ডা. মো. হাবিবুর রহমান, ডা. ইসমাইল হোসেন, ডা. শামীমা ইয়াসমিন, ডা. আদনান এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। প্রধানমন্ত্রীর উদ্যোগে চিকিৎসার সুযোগ পাওয়ায় আবু বক্করের পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেছে।























