প্রেসক্লাব যশোরের বিশেষ সভা বর্জনের সিদ্ধান্ত সাংবাদিক ইউনিয়নের
- আপডেট সময় : ০২:৩৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
- / ৩৬ বার পঠিত

প্রেসক্লাব যশোরের ঘোষিত আগামী ৩ আগস্টের বিশেষ সাধারণ সভা বর্জনের সিদ্ধান্ত নিয়েছে সাংবাদিক ইউনিয়ন যশোর। একই সঙ্গে প্রেসক্লাব যশোরে দায়িত্ব পালনরত সাংবাদিক ইউনিয়ন যশোরের তিনজন নেতাকে সংগঠনের চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে নিজ নিজ পদ থেকে পদত্যাগের আহ্বান জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১১টায় প্রেসক্লাব যশোরের নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি নিয়ে সাংবাদিক ইউনিয়ন যশোরের কার্যনির্বাহী কমিটির এক বিশেষ জরুরি সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের সভাপতি আকরামুজ্জামান।
সভায় প্রেসক্লাব যশোরের নির্বাচনকে কেন্দ্র করে চলমান আন্দোলন এবং প্রেসক্লাব কর্তৃপক্ষের আহূত বিশেষ সাধারণ সভা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সর্বসম্মতিক্রমে সদ্য গঠিত ‘প্রেসক্লাব নির্বাচন বাস্তবায়ন কমিটি’-এর চলমান আন্দোলনের প্রতি সমর্থন জানানো হয়।
সভায় নেতারা অভিযোগ করেন, প্রেসক্লাবের বর্তমান কমিটির ক্ষমতার মেয়াদ দীর্ঘায়িত করার নীলনকশার অংশ হিসেবে আগামী ৩ আগস্ট বিশেষ সাধারণ সভা আহ্বান করা হয়েছে। এ কারণে ওই সভা বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া সভায় সিদ্ধান্ত হয়, সাংবাদিক ইউনিয়ন যশোরের কোনো সদস্য সংগঠনের গৃহীত সিদ্ধান্ত অমান্য করলে তার বিরুদ্ধে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, উদ্ভূত পরিস্থিতি নিয়ে পরবর্তী করণীয় নির্ধারণে আগামী ২৮ জুলাই (মঙ্গলবার) সাংবাদিক ইউনিয়ন যশোরের সকল সদস্যকে নিয়ে একটি জরুরি সভা আহ্বান করা হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক এস এম ফরহাদ এক বিজ্ঞপ্তিতে সকল সদস্যকে নির্ধারিত সভায় উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।
























