প্রেসক্লাব যশোরের সদস্যসচিব মবিনুল ইসলামের পদত্যাগ
- আপডেট সময় : ০৬:২৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- / ২১ বার পঠিত

প্রেসক্লাব যশোরের সংকটকালীন আহ্বায়ক কমিটির সদস্যসচিব মবিনুল ইসলাম মবিন পদত্যাগ করেছেন। রবিবার (৩০ আগস্ট) দুপুরে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি কমিটির আহ্বায়ক একরাম-উদ-দ্দৌলার কাছে পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগপত্রে মবিনুল ইসলাম মবিন উল্লেখ করেন, প্রেসক্লাব যশোরের নির্বাহী কমিটির কিছু অনিয়মতান্ত্রিক পদক্ষেপের বিরুদ্ধে গত জুলাই থেকে সাংবাদিক ইউনিয়ন যশোর আন্দোলন শুরু করে। এর ধারাবাহিকতায় প্রেসক্লাবের সংকট নিরসনে গত ৬ আগস্ট সংকটকালীন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
পেশাগত ব্যস্ততার কারণে শুরুতে দায়িত্ব নিতে অনাগ্রহ প্রকাশ করলেও যৌথ কমিটির সভায় তাঁকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়। পরে ক্লাব সদস্যদের বৃহত্তর স্বার্থ এবং সবার সমর্থনের প্রতি সম্মান জানিয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেন।
মবিনুল ইসলাম মবিন জানান, দায়িত্ব পালনকালে প্রেসক্লাবের গঠনতন্ত্র সংশোধন, নতুন সদস্যপদ প্রদান এবং অডিট কার্যক্রম শুরুর মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হয়েছে। তবে প্রেসক্লাবের কাজে ব্যস্ত থাকার কারণে তিনি নিজ পত্রিকার কাজে প্রয়োজনীয় সময় দিতে পারেননি। এতে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি তাঁর পেশাগত ভাবমূর্তিও ক্ষুণ্ন হয়েছে বলে পদত্যাগপত্রে উল্লেখ করেন।
সম্প্রতি প্রেসক্লাব যশোরে সদস্যপদ প্রদানসহ বিভিন্ন দাবিতে সাংবাদিকেরা আন্দোলন গড়ে তোলেন। এ বিষয়ে তাঁরা আল্টিমেটামও দেন। পরবর্তী সময়ে প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হলে সংকট নিরসনে ১৪ সদস্যের সংকটকালীন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক করা হয় একরাম-উদ-দ্দৌলাকে এবং সদস্যসচিব হন মবিনুল ইসলাম মবিন।
সংকটকালীন কমিটি আগামী ১৯ সেপ্টেম্বর প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠানের তারিখ ঘোষণা করেছে। নির্বাচনের আগে নতুন সদস্যপদ দেওয়ার প্রক্রিয়াও সম্পন্ন করা হয়। সদস্যপদের জন্য ১০১ জন সাংবাদিক ফরম সংগ্রহ করেন। এর মধ্যে ৯৫ জন আবেদনপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে দুই দফায় ৩৬ জন সাংবাদিককে নতুন সদস্যপদ দেওয়া হয়। পাশাপাশি একজন সাবেক সদস্যের সদস্যপদ পুনর্বহাল করা হয়।
রবিবার সকালে দৈনিক রানার পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক শহীদ আরএম সাইফুল আলম মুকুলের ২৮তম হত্যাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন মবিনুল ইসলাম মবিন। এর কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর পদত্যাগের খবর ছড়িয়ে পড়লে প্রেসক্লাবের সাধারণ সদস্যদের মধ্যে আলোচনা ও হতাশা তৈরি হয়েছে।
মবিনুল ইসলাম মবিনের পদত্যাগের পর সংকটকালীন আহ্বায়ক কমিটির কার্যক্রম ও আগামী ১৯ সেপ্টেম্বরের নির্বাচন কীভাবে এগোয়, তা নিয়ে প্রেসক্লাবের সদস্যদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে।























