প্রেসক্লাব যশোরে ‘শহিদ সাংবাদিক শামছুর রহমান মিলনায়তন’ উদ্বোধন
- আপডেট সময় : ০৮:৪৪:২৯ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- / ১০ বার পঠিত

প্রেসক্লাব যশোরের অবকাঠামোগত উন্নয়নে যুক্ত হয়েছে নতুন এক মাইলফলক। স্বর্ণলতা নিউজ ও অরবিট ইন্টারনেটের স্বত্বাধিকারী মীর মোশারফ হোসেন বাবুর সৌজন্য ও পৃষ্ঠপোষকতায় ক্লাবের প্রথম তলার ভিআইপি কনফারেন্স রুম আধুনিকায়ন ও পূর্ণ সংস্কার করে নির্মিত ‘শহিদ সাংবাদিক শামছুর রহমান মিলনায়তন’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
সোমবার আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে মিলনায়তনের উদ্বোধন করেন যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন খোকন। প্রেসক্লাব যশোরের ভারপ্রাপ্ত সভাপতি ওহাবুজ্জামান ঝন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু এবং প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি ও প্রভাত ফেরী সম্পাদক ফকির শওকত।
অনুষ্ঠানে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই মিলনায়তন প্রেসক্লাবের কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে। সাংবাদিকদের পেশাগত প্রশিক্ষণ, সভা-সেমিনার, মতবিনিময় সভাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আয়োজন আরও সুষ্ঠু ও আধুনিক পরিবেশে আয়োজন করা সম্ভব হবে। তারা প্রেসক্লাবের উন্নয়নে সহযোগিতার জন্য মীর মোশারফ হোসেন বাবুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠি শেষে অতিথিরা নবনির্মিত মিলনায়তন ঘুরে দেখেন এবং এর সফল ব্যবহার ও সংরক্ষণে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

















