প্রেসক্লাব যশোর সভাপতির সুস্থতা কামনায় দোয়া মাহফিল
- আপডেট সময় : ০৮:৫৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
- / ৩৬ বার পঠিত

প্রেসক্লাব যশোরের সভাপতি ও দৈনিক যশোর-এর প্রকাশক-সম্পাদক জাহিদ হাসান টুকুনের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে প্রেসক্লাব যশোর মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার সাংবাদিক নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমকর্মী ও শুভানুধ্যায়ীরা অংশ নেন।
দোয়া মাহফিলে জাহিদ হাসান টুকুনের সফল চিকিৎসা, দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। উপস্থিত বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তিনি যশোরের সাংবাদিকতা ও সংবাদপত্র অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তাঁর অসুস্থতার খবরে সাংবাদিক সমাজসহ শুভানুধ্যায়ীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তাঁরা তাঁর সফল অস্ত্রোপচার ও দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদ দৌল্লা, সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, দৈনিক লোকসমাজ-এর ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু, প্রেসক্লাবের সহসভাপতি ওহাবুজ্জামান ঝন্টু, শেখ দিনু আহম্মেদসহ যশোরের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও শুভানুধ্যায়ীরা।
পারিবারিক সূত্রে জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়ে জাহিদ হাসান টুকুন বর্তমানে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় তাঁর হৃদযন্ত্রের তিনটি রক্তনালিতে ব্লক ধরা পড়েছে। চিকিৎসকদের পরামর্শে তাঁর ওপেন হার্ট বা বাইপাস সার্জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বৃহস্পতিবার তাঁর অস্ত্রোপচার হওয়ার সম্ভাবনা রয়েছে।























