বাগেরহাটের রাখালগাছি বাজারে সোনালী ব্যাংকের উপশাখা উদ্বোধন
- আপডেট সময় : ০৭:১২:৩৭ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- / ২৭ বার পঠিত

প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় আধুনিক, দ্রুত ও নির্ভরযোগ্য ব্যাংকিং সেবা পৌঁছে দিতে বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি বাজারে সোনালী ব্যাংক পিএলসির নতুন একটি উপশাখার উদ্বোধন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপশাখাটির উদ্বোধন করেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক শেখ মোহাম্মদ জাকির হোসেন।
সোনালী ব্যাংক পিএলসির বাগেরহাট প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার সুকুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের খুলনা জোনের জেনারেল ম্যানেজার (জিএম) জাহিদুল ইসলাম মোল্যা এবং বাগেরহাট শাখার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. হুমায়ুন কবির। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও ব্যাংকের কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।
সোনালী ব্যাংক কর্তৃপক্ষ জানায়, আর্থিক অন্তর্ভুক্তি জোরদার এবং ইউনিয়ন পর্যায়ের জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় আনতেই রাখালগাছি বাজারে নতুন এ উপশাখা চালু করা হয়েছে। এর মাধ্যমে স্থানীয় বাসিন্দারা সহজে আমানত, ঋণ, অর্থ প্রেরণসহ বিভিন্ন আধুনিক ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন।
এর আগে বাগেরহাট সদর উপজেলার বারাকপুর বাজারেও একটি উপশাখা চালু করে সোনালী ব্যাংক। নতুন এই উপশাখাসহ জেলায় সোনালী ব্যাংকের মোট শাখা ও উপশাখার সংখ্যা দাঁড়িয়েছে ১৬টিতে।

























