বাড়ল এলপিজির দাম
- আপডেট সময় : ০৭:৩০:৪৪ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- / ১৩ বার পঠিত

১২ কেজি এলপি (এলপিজি) গ্যাসের নতুন দাম ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগের মাসের তুলনায় প্রতি সিলিন্ডারে দাম বেড়েছে ৭০ টাকা। তবে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৭৩ পয়সা কমানো হয়েছে। রোববার (২ আগস্ট) নতুন মূল্য ঘোষণা করে বিইআরসি। নতুন দর একই দিন সন্ধ্যা ৬টার পর থেকে কার্যকর হবে।
নতুন ঘোষণা অনুযায়ী, ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৫২৮ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫৯৮ টাকা করা হয়েছে। অন্যদিকে অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৭৪ টাকা ৪০ পয়সা থেকে কমিয়ে ৭৩ টাকা ৬৭ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে টানা কয়েক মাস দাম বাড়ার পর গত মাসে এলপিজির দাম কিছুটা কমানো হয়েছিল। তবে চলতি মাসে আবারও মূল্য বৃদ্ধি করা হলো।
চলতি বছরের ১৯ এপ্রিল ১২ কেজি এলপিজির দাম ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়। এরও আগে ২ এপ্রিল এক দফায় ৩৮৭ টাকা বাড়িয়ে দাম করা হয়েছিল ১ হাজার ৭২৭ টাকা। ফলে মাত্র ১৭ দিনের ব্যবধানে দুই দফায় ৫৯৯ টাকা বেড়েছিল ১২ কেজির সিলিন্ডারের দাম। পরবর্তীতে জুন মাসে ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়। একই সময়ে অটোগ্যাসের দামও লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা করা হয়েছিল।
এদিকে ২০২৫ সালের ডিসেম্বর থেকে দেশের এলপিজি বাজারে অস্থিরতা দেখা দেয়। মার্চ মাসে সরকারি নির্ধারিত দাম ছিল ১ হাজার ৩৪১ টাকা হলেও বাজারে অনেক স্থানে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকায় সিলিন্ডার বিক্রির অভিযোগ ওঠে।
সরকার এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানির সীমা বৃদ্ধি, কর কমানো, ঋণে এলসি খোলার সুযোগ এবং জাহাজ ভাড়া (ফ্রেইট চার্জ) টনপ্রতি ১০৮ ডলার থেকে বাড়িয়ে ২৫০ ডলার নির্ধারণসহ বিভিন্ন সুবিধা দিলেও বাজারে মূল্য নিয়ন্ত্রণে এখনো চ্যালেঞ্জ রয়ে গেছে।















