মনিরামপুরে বাবা-ছেলেকে বাড়ি থেকে তুলে নিয়ে মারধরের অভিযোগ
- আপডেট সময় : ১০:৫৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
- / ৪৮ বার পঠিত

যশোরের মনিরামপুর উপজেলার শ্যামপুর ইউনিয়নে বাবা-ছেলেকে বাড়ি থেকে তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে স্বজনদের বিরুদ্ধে। আহত দুজন বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (২৬ জুন) দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটে উপজেলার শ্যামপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন শ্যামপুর গ্রামের তালিব সদ্দারের ছেলে বিল্লাল (৪৯) এবং তার ছেলে আলামিন (২৭)। পরিবারের অভিযোগ, বিল্লালের চাচাতো ভাইয়ের ছেলে আলী হোসেন (২৭), হাসান আলী (২২), যাকারুল (২০) এবং তাদের সঙ্গে থাকা আরও ১২ থেকে ১৫ জন বিল্লাল ও তার ছেলে আলামিনকে বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে যান। পরে রড ও কিল-ঘুষি দিয়ে তাদের মারধর করা হয়।
স্বজনরা আহত দুজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে তাদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। তবে এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে পরিবার জানিয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।























