বিএনপির মদতে এমপি গোলাম রসুলের বাড়িতে হামলা : জামায়াত
- আপডেট সময় : ১০:২০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
- / ১০ বার পঠিত

যশোর-৪ আসনের সংসদ সদস্য ও যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রসুলের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ হামলার পেছনে বিএনপির নেতাকর্মীদের মদত ছিল বলে অভিযোগ করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
মঙ্গলবার (২৮ জুলাই) দেওয়া এক বিবৃতিতে তিনি হামলার সঙ্গে জড়িত ও উসকানিদাতাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, “বিএনপির নেতাকর্মীদের মদদে উদ্দেশ্যপ্রণোদিত ও পরিকল্পিতভাবে যশোর শহরের নীলগঞ্জ এলাকায় যশোর-৪ আসনের সংসদ সদস্য ও যশোর জেলা জামায়াতের আমির গোলাম রসুলের বাসায় একদল সন্ত্রাসী ন্যক্কারজনক হামলা চালিয়েছে। আমি এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
তিনি বলেন, একজন সংসদ সদস্যের বাসায় এ ধরনের কাপুরুষোচিত হামলা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও অবনতির দিকে নিয়ে যাবে। হামলার সঙ্গে জড়িত ব্যক্তি ও এর পেছনে থাকা উসকানিদাতাদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, সংসদ সদস্য গোলাম রসুলের এক মেয়ে মানসিকভাবে অসুস্থ এবং তিনি ভারতের হায়দরাবাদসহ দেশের বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন। তার কোনো আচরণকে কেন্দ্র করে, যা ইতোমধ্যে মীমাংসিত বিষয়, এ ধরনের হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি আরও দাবি করেন, নিজের মেয়ের অসুস্থতার বিষয়টি উল্লেখ করে সংসদ সদস্য ঘটনার ব্যাখ্যা দেওয়ার পরও ‘মব’ উসকে দেওয়ার পেছনে বিশেষ উদ্দেশ্য রয়েছে বলে তারা মনে করেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের আইনশৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল। দুর্বৃত্তায়ন কিংবা ‘মব’ সৃষ্টির মাধ্যমে জামায়াতকে বিতর্কিত করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে যে অপপ্রচার চালানো হচ্ছে, তা অনভিপ্রেত।
তিনি ঘটনার প্রকৃত তথ্য তুলে ধরে সংবাদ প্রকাশ এবং নাগরিকদের বিভ্রান্ত না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানান।



















