বিচারকের ছোড়া পেপারওয়েটের আঘাতে নারী আইনজীবী আহত
- আপডেট সময় : ১১:৩০:৫০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
- / ৩৭ বার পঠিত

গোপালগঞ্জে আদালতের কার্যক্রম চলাকালে বিচারকের ছোড়া একটি পেপারওয়েটের আঘাতে সাবিহা সুলতানা নামে এক শিক্ষানবিশ নারী আইনজীবী আহত হয়েছেন। বুধবার (২২ জুলাই) দুপুরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এ এ ঘটনা ঘটে। অভিযুক্ত বিচারক হলেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুজন মিয়া।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আদালতের কার্যক্রম চলাকালে কক্ষের পেছনের দিকে কয়েকজন বিচারপ্রার্থী আইনজীবীদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় বিচারক মো. সুজন মিয়া একটি কাঁচের পেপারওয়েট ছুড়ে মারেন বলে অভিযোগ ওঠে। সেটি শিক্ষানবিশ আইনজীবী সাবিহা সুলতানার মাথায় আঘাত করলে তিনি আহত হন। পরে তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর জেলা আইনজীবীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। তারা এ ঘটনার নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত এবং দায়ী ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
আহত শিক্ষানবিশ আইনজীবী সাবিহা সুলতানা বলেন, “একজন বিচারকের কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয়। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জুলকদর রহমান বিচারকের আচরণকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট এম. এ. আলম সেলিম বলেন, “একজন বিচারক এমন কাজ করতে পারেন না। ঘটনার তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত।”
তবে অভিযোগের বিষয়ে বিচারক সুজন মিয়ার বক্তব্য পাওয়া যায়নি। তাঁর ব্যবহৃত মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। তাই এ বিষয়ে তাঁর মন্তব্য জানা সম্ভব হয়নি।























