
যশোরের সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও বিভিন্ন চোরাচালান পণ্যসহ জাহাঙ্গীর আলম (৪০) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক জাহাঙ্গীর আলম যশোর জেলার চৌগাছা উপজেলার দৌলতপুর গ্রামের মৃত ইসহাক আলম খোকনের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (২ জুন) দিনব্যাপী যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন আন্দুলিয়া বিওপি এবং বেনাপোল আইসিপি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানে ভারতীয় ৬ কেজি গাঁজা, ১৬টি শাড়ি, ১৮০টি হাতপাখা, ১৭ কেজি ফুসকা, ১ দশমিক ৫ কেজি কিসমিস, আধা কেজি জিরা, ১ প্যাকেট সোনপাপড়ি, ১৯২টি চকলেট এবং ১৯৫টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। এছাড়া চোরাচালানের কাজে ব্যবহৃত একটি বাইসাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৯৮ হাজার টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় বিপুল পরিমাণ চোরাইপণ্য ও মাদকদ্রব্য জব্দ এবং একজন চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবির কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।























