বীরগঞ্জে শিশু অধিকার বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:২৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
- / ৪৮ বার পঠিত

‘শিশুর নিরাপত্তা, স্বপ্নের পূর্ণতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে শিশু অধিকার বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২৯ জুন) বিকেলে উপজেলার গুড নেইবারস বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের উদ্যোগে প্রকল্পের মাঠ প্রাঙ্গণে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
ক্যাম্পেইনে গুড নেইবারস বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রকল্প ইনচার্জ নিকোলাশ কিস্কুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ৭ নম্বর মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোপাল চন্দ্র দেবশর্ম্মা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চক পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা নাসরিন, সহকারী শিক্ষক শমসের আলী, গুড নেইবারস বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের সিডিসি সভাপতি প্রফুল্ল কর্মকার, প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলাম এবং শিশু পরিষদের সভাপতি বিভা কর্মকার।
বক্তারা বলেন, শিশুরা বয়সে ছোট হওয়ায় নিজেদের অধিকার আদায় বা দাবি তুলে ধরার সক্ষমতা তুলনামূলক কম। সংগঠিত হওয়ার সুযোগও তাদের সীমিত। ভোটাধিকার না থাকায় তারা সম্পূর্ণভাবে প্রাপ্তবয়স্কদের ওপর নির্ভরশীল। তাই শিশুদের অধিকার রক্ষা, তাদের মর্যাদা নিশ্চিত করা এবং নিরাপদ পরিবেশ গড়ে তোলার দায়িত্ব সমাজের প্রতিটি প্রাপ্তবয়স্ক মানুষের।
ক্যাম্পেইনে শিশু অধিকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং শিশুদের নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।


























