৫০ হাজার চারা রোপণের লক্ষ্য
বেনাপোলে টানা পঞ্চম দিনের বৃক্ষরোপণ কর্মসূচি
- আপডেট সময় : ১১:২৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
- / ১০ বার পঠিত

সীমান্ত শহর বেনাপোলকে আরও সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে টানা পঞ্চম দিনের মতো বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বেনাপোল পৌর বিএনপি। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ফলজ ও বনজ গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী আবু তাহের ভারতের নেতৃত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট, কার্গো শাখার সামনের সড়কসহ পৌর এলাকার বিভিন্ন স্থানে পরিবেশবান্ধব গাছের চারা রোপণ করা হয়। এতে স্থানীয় নেতাকর্মীর পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
কর্মসূচিতে আবু তাহের ভারত বলেন, দলীয় হাইকমান্ড ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বেনাপোলে ধারাবাহিকভাবে এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। তাঁর নিজস্ব অর্থায়নে পরিচালিত এ কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ৫০ হাজার ফলজ ও বনজ গাছের চারা রোপণের পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, বৃক্ষরোপণ শুধু চারা লাগানোর মধ্যেই সীমাবদ্ধ নয়; প্রতিটি চারার নিয়মিত পরিচর্যা নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ বেনাপোল গড়ে তুলতেই এ কার্যক্রম অব্যাহত থাকবে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি নাসিমুল গনি বল্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মুন্নাফ, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক জুয়েল রানা, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইছাহক মিয়া, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ার আলীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আয়োজকরা জানান, বেনাপোলের গুরুত্বপূর্ণ সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি স্থাপনা এবং জনসমাগমস্থলে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কার্যক্রম আরও বিস্তৃত করা হবে। তাদের প্রত্যাশা, এ উদ্যোগ নগরীর সবুজায়ন বৃদ্ধির পাশাপাশি পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে।
























