সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি আবুল কালাম বাবলা
- আপডেট সময় : ০৩:৩৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
- / ১৮ বার পঠিত

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সংগঠনের সিনিয়র সহসভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে সংগঠনের নির্বাহী কমিটির নিয়মিত সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে সভাপতি নির্বাচিত করা হয়। সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরার লেকভিউয়ের যমুনা হলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা। সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির প্রধান উপদেষ্টা কামরুল ইসলাম ফারুক।
সংগঠনের সাবেক সভাপতি জিএম নুর ইসলামের মৃত্যুতে সভাপতির পদটি শূন্য হয়। পরে নির্বাহী কমিটির সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলাকে নতুন সভাপতি নির্বাচিত করা হয়।
সভায় বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, সভাপতি নির্বাচন, আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন, সংগঠনের দুই সদস্যকে সংবর্ধনা প্রদান, গঠনতন্ত্র সংশোধন, স্ট্যান্ডিং কমিটির কার্যবিবরণী পর্যালোচনা এবং নির্বাহী কমিটির সদস্য সংযোজন ও বিয়োজনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এসব বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্তও গ্রহণ করা হয়।
সভা শেষে নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের ধর্মবিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী।
এ সময় সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।






















