লক্ষ্য ৫০ হাজার গাছ
বেনাপোলে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি
- আপডেট সময় : ১০:১৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
- / ৪৩ বার পঠিত

যশোরের বেনাপোল পৌর এলাকায় ৫০ হাজার বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বেনাপোল পৌর বিএনপি। আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের দলীয় কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে বেনাপোল পৌর এলাকার ঐতিহ্যবাহী পৌর গেট চত্বরে আয়োজিত অনুষ্ঠানে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি। বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারতের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির বনজ ও ফলজ গাছের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বেষ্টনী গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। তারা চারা রোপণের পাশাপাশি সেগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করারও আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি নাসিমুল গনি বল্টু, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রিপনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
























