
যশোরের বেনাপোল সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (৭ জুন) দিনব্যাপী বেনাপোল সীমান্তের ঘিবা ও হিজলী বিওপি এলাকা এবং বেনাপোল আইসিপিতে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে ২৫ বোতল ভারতীয় এসকাফ সিরাপ, ৯ কেজি গাঁজা, ৫৭টি শাড়ি, ৪টি থ্রি-পিস, ৪ কেজি জিরা, ৮৬ প্যাকেট ফুচকা, ৬ দশমিক ৫ কেজি কিসমিস, ২ প্যাকেট সোনপাপড়ি, ২৪টি বিভিন্ন খাদ্যসামগ্রী, ২ হাজার ৫২১টি চকলেট এবং ৪৯৪টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৩৬ হাজার ১২০ টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির বিশেষ পরিকল্পনার অংশ হিসেবে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি বলেন, সীমান্ত এলাকায় পরিচালিত ধারাবাহিক অভিযানের ফলেই এসব মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করা সম্ভব হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।























