ব্লাড ক্যান্সারে আক্রান্ত পারভেজের পাশে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
- আপডেট সময় : ০৯:০৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- / ১৮ বার পঠিত

মাত্র ২০ বছর বয়সেই মরণব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছেন যশোরের রামনগর ইউনিয়নের তরুণ পারভেজ হোসেন। জীবন বাঁচানোর কঠিন লড়াইয়ে বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অসুস্থতার খবর পেয়ে চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রতিমন্ত্রীর পক্ষ থেকে পারভেজের জন্য আর্থিক সহযোগিতা পৌঁছে দেওয়া হয়। এ সহযোগিতা তাঁর চিকিৎসার কঠিন সময়ে পরিবারের পাশে দাঁড়ানোর একটি মানবিক উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
পারভেজ হোসেন যশোর সদর উপজেলার ১১ নম্বর রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কামালপুর সতীঘাটা বাজার এলাকার বাসিন্দা। মাত্র ২০ বছর বয়সে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি এখন জীবন-মৃত্যুর কঠিন লড়াই করছেন। বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। চিকিৎসকদের পরামর্শে তিন দিনের জন্য নিজ বাড়িতে এসেছেন তিনি।
পারভেজের এমন কঠিন সময়ে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষ থেকে এই সহযোগিতা পৌঁছে দেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে রামনগর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ।
এ সময় পারভেজের দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করা হয়। পাশাপাশি তাঁর চিকিৎসা অব্যাহত রাখতে সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।
চেয়ারম্যান প্রার্থী রাজু আহম্মেদ পারভেজের সুস্থতা কামনা করে বলেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। মহান আল্লাহ যেন প্রিয় পারভেজকে দ্রুত সুস্থতা দান করেন এবং আবারও স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেন। এ জন্য সবার কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া চাই।
একটি তরুণ প্রাণের বেঁচে থাকার আকুতি আর পরিবারের উদ্বেগের মধ্যে পারভেজের সুস্থ হয়ে ফিরে আসার অপেক্ষায় রয়েছেন স্বজন ও এলাকাবাসী। সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতায় পারভেজ আবারও সুস্থ জীবনে ফিরবেন, এমন প্রত্যাশা তাঁদের।
























