ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজউদ্দিন
- আপডেট সময় : ১০:০৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
- / ১২ বার পঠিত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে স্পিকার বলেন, “রাষ্ট্রপতির পদত্যাগপত্র আমি গ্রহণ করেছি। সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি।”
তিনি জানান, রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন। রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত সংবিধানের বিধান অনুযায়ী তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
স্পিকার আরও বলেন, পদত্যাগপত্রে মো. সাহাবুদ্দিন তার অসুস্থতার কথা উল্লেখ করেছেন। হৃদরোগ, কিডনি জটিলতাসহ বিভিন্ন শারীরিক সমস্যার কারণে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেছেন তিনি। তিনি অসুস্থ হওয়ায় দায়িত্ব পালনে অপারগতার কথা জানিয়েছেন। আমি তার দ্রুত সুস্থতা কামনা করছি।”
সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি স্পিকারের উদ্দেশে স্বাক্ষরযুক্ত লিখিত পত্রের মাধ্যমে পদত্যাগ করতে পারেন। এছাড়া ৫৪ অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতির পদ শূন্য হলে কিংবা অসুস্থতা, অনুপস্থিতি বা অন্য কোনো কারণে দায়িত্ব পালনে অসমর্থ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
এদিকে সংবিধানের ১২৩(২) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। আর ৪৮(১) অনুচ্ছেদ অনুসারে, জাতীয় সংসদের সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। বর্তমান সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থীরই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ নিয়ে দলটির শীর্ষপর্যায়ে আলোচনা চলছে বলে রাজনৈতিক সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, চিকিৎসার জন্য গত ১৯ জুলাই থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যান স্পিকার হাফিজউদ্দিন আহমদ। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২৬ জুলাই দেশে ফেরার কথা থাকলেও তিনি শুক্রবার দুপুরে নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফেরেন।




















