ডা. উষার উদ্যোগে সংহতি প্রকাশ
কচুরিপানা পরিষ্কারে ভৈরব নদে বিডি ক্লিনের প্রায় ৬ শতাধিক স্বেচ্ছাসেবী
- আপডেট সময় : ০৩:০৯:২৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
- / ৬৯ বার পঠিত

যশোরের তরুণ চিকিৎসক সাদিয়া মনোয়ারা উষার আহ্বানে সাড়া দিয়ে ভৈরব নদকে কচুরিপানামুক্ত করার অভিযানে নেমেছেন দেশের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের প্রায় ছয় শতাধিক স্বেচ্ছাসেবী। শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া এ পরিচ্ছন্নতা অভিযানে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, ঝিনাইদহ ও মাগুরাসহ নয়টি জেলা থেকে স্বেচ্ছাসেবীরা অংশ নেন।
যশোর শহরের দড়াটানা ভৈরব সেতু থেকে কাঠেরপুল সেতু পর্যন্ত নদীর অংশজুড়ে এ অভিযান পরিচালিত হচ্ছে। স্বেচ্ছাসেবীরা নদীতে নেমে কচুরিপানা অপসারণ করছেন। তাঁদের লক্ষ্য, দীর্ঘদিনের দূষণ ও কচুরিপানায় বিপর্যস্ত ভৈরব নদের স্বাভাবিক প্রবাহ ও পরিবেশ ফিরিয়ে আনা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিডি ক্লিনের বিভাগীয় সমন্বয়ক আল হেলাল মামুন, প্রধান সমন্বয়ক চম্পা আক্তারসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা। এ ছাড়া উপস্থিত ছিলেন যশোর রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল অফিসার মোস্তাক হোসেন ও যুব প্রধান হুমায়ুন কবীর।
অভিযানে অংশ নেওয়া স্বেচ্ছাসেবীদের স্বাস্থ্যসুরক্ষা ও জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে রেড ক্রিসেন্ট সোসাইটির দুটি মেডিকেল টিম কাজ করছে। এসব টিমের ১৫ জন সদস্য প্রয়োজন অনুযায়ী স্বেচ্ছাসেবীদের প্রাথমিক চিকিৎসাসেবা দিচ্ছেন।
উল্লেখ্য, দূষণ ও কচুরিপানায় বিপর্যস্ত ভৈরব নদের হারানো সৌন্দর্য ফিরিয়ে আনার প্রত্যয়ে স্বেচ্ছাশ্রমে নদ পরিষ্কারের উদ্যোগ নেন তরুণ চিকিৎসক সাদিয়া মনোয়ারা উষা। তাঁর আহ্বানে সাড়া দিয়ে ইতোমধ্যে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এ উদ্যোগে যুক্ত হয়েছে।
বিডি ক্লিনের প্রায় ছয় শতাধিক স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে ভৈরব নদ পরিচ্ছন্নতার এ কর্মসূচি নতুন মাত্রা পেয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, সম্মিলিত উদ্যোগে ভৈরব নদের হারানো সৌন্দর্য ও প্রাণ ফিরিয়ে আনা সম্ভব হবে। তবে শুধু এক দিনের পরিচ্ছন্নতা অভিযান নয়, নদটির দীর্ঘমেয়াদি সুরক্ষা নিশ্চিত করতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা, দূষণের উৎস চিহ্নিত করে তা বন্ধ করা এবং নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।




















