আত্মহত্যার অভিযোগ
মণিরামপুরে কিশোরীর আত্মহত্যা
- আপডেট সময় : ১২:২৭:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
- / ২৭ বার পঠিত

যশোরের মণিরামপুরে সিনথিয়া আক্তার সুরাইয়া (১৬) নামে এক কিশোরীর অপমৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে উপজেলার মথুরাপুর গ্রামে স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। পরিবারের দাবি, পারিবারিক মনোমালিন্যের পর তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। নিহত সিনথিয়া আক্তার সুরাইয়া ঝিকরগাছা উপজেলার গদখালী মটবাড়িয়া এলাকার হারুন বিশ্বাসের মেয়ে। তাঁর স্বামীর নাম আলামিন বিশ্বাস।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে মেয়ের মৃত্যুর খবর পান সিনথিয়ার মা বিলকিছ বেগম। পরে তিনি স্বামীকে সঙ্গে নিয়ে রাত ১টা ২০ মিনিটের দিকে মথুরাপুর গ্রামে মেয়ের শ্বশুরবাড়িতে যান। সেখানে স্বামীর শয়নকক্ষে খাটের ওপর কাঁথা দিয়ে ঢাকা অবস্থায় সিনথিয়াকে দেখতে পান তাঁরা।
পরিবারের সদস্যদের ভাষ্য, ওই দিন দুপুরে রান্না করা পেঁপের তরকারি দেওয়া ও খাওয়াকে কেন্দ্র করে সিনথিয়ার সঙ্গে স্বামীর পরিবারের এক কিশোরী সদস্যের মনোমালিন্য হয়। এরপর থেকে সিনথিয়া মন খারাপ করে ছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
পুলিশে দেওয়া অপমৃত্যুর সংবাদের ভাষ্য অনুযায়ী, সন্ধ্যার পর পরিবারের সদস্যদের অগোচরে সিনথিয়া শয়নকক্ষের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন। পরে ওড়না দিয়ে ঘরের আড়ার সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রাত ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে এ ঘটনা ঘটে থাকতে পারে। পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে তাঁকে উদ্ধার করেন। তবে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মণিরামপুর থানায় অপমৃত্যুর সংবাদ দেওয়া হয়েছে। পুলিশের তদন্তের পর সিনথিয়ার মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।


























