মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু
- আপডেট সময় : ১১:৫৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
- / ১০৭ বার পঠিত

যশোরের মণিরামপুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মাহিম (১৫) নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ভোজগাতী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে এবং কুয়াদা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাহিম মোটরসাইকেলযোগে মণিরামপুর থেকে কুয়াদা বাজারের দিকে যাচ্ছিল। পথে আটমাইল এলাকায় পৌঁছালে তার চালিত মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি পিলার ও গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে মণিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে যানজট নিরসন করেন এবং নিহতের মরদেহ উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
এ ঘটনায় নিহতের পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

























