মণিরামপুরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- আপডেট সময় : ০৯:০৪:১১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
- / ৫৫ বার পঠিত

“আগামী প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের মণিরামপুরে সরকারের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের এ উদ্যোগ দেশের সবুজায়ন বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সম্রাট হোসেন বলেন, বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি মানুষের জীবন ও জীবিকার সঙ্গে নিবিড়ভাবে জড়িত। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। এ কর্মসূচি সফল করতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন, মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু সাঈদ, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তার বীথি, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহারিয়ার হোসেন, মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা বশির আল হেলালসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, পরিবেশকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে জানানো হয়, মণিরামপুর উপজেলা ও পৌরসভা এলাকায় এ কর্মসূচির আওতায় প্রায় ১৩ লাখ টাকার ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হবে। এসব চারা শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হবে। উদ্বোধনের পর উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।
















