মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা
- আপডেট সময় : ০৬:৫৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
- / ৬৮ বার পঠিত

যশোরের মণিরামপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য প্রায় ১৬ কোটি ৫৯ লাখ টাকার আয়-ব্যয়ের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। নতুন কোনো কর আরোপ ছাড়াই নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌর এলাকা গঠন এবং জনকল্যাণমূলক কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে এ বাজেট প্রণয়ন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উন্মুক্ত বাজেট সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক মো. সম্রাট হোসেন। পৌরসভার নির্বাহী কর্মকর্তা তফিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফাইয়াজ আহমেদ ফয়সাল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মফিজুর রহমান, জামায়াতের আমির অধ্যাপক ফজলুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস.এম. মজনুর রহমান, বীর মুক্তিযোদ্ধা খান আক্তার হোসেন, পৌরসভার প্রকৌশলী উত্তম মজুমদারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বাজেট উপস্থাপনকালে জানানো হয়, বিদ্যমান সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে জনগণের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি না করে নগর উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার লক্ষ্যেই এ বাজেট প্রণয়ন করা হয়েছে। সড়ক উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপদ পানি সরবরাহ, আধুনিক আলোকসজ্জা এবং পরিবেশবান্ধব নাগরিক সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
সভাপতির বক্তব্যে মো. সম্রাট হোসেন বলেন, “একটি পৌরসভার সাফল্য শুধু অবকাঠামোগত উন্নয়নের ওপর নির্ভর করে না, বরং নাগরিকদের জীবনমান কতটা উন্নত হয়েছে সেটিই মূল বিষয়। আমরা একটি স্মার্ট, স্বচ্ছ ও জবাবদিহিমূলক পৌর প্রশাসন গড়ে তুলতে চাই, যেখানে জনগণের অংশগ্রহণই উন্নয়নের প্রধান ভিত্তি হবে। নতুন কর আরোপ না করেও সেবার পরিধি ও মান বৃদ্ধি করে নাগরিক আস্থা অর্জনই আমাদের লক্ষ্য।”
সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন বলেন, “অংশগ্রহণমূলক পরিকল্পনা, আর্থিক স্বচ্ছতা এবং কার্যকর জবাবদিহিতার সমন্বয়েই একটি আধুনিক স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে ওঠে। উন্মুক্ত বাজেট সভা প্রশাসন ও নাগরিকদের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় করে, যা টেকসই উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
উল্লেখ্য, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত ‘ক’ শ্রেণির মণিরামপুর পৌরসভার আয়তন ১৬ দশমিক ৫৫ বর্গকিলোমিটার। দীর্ঘদিন ধরে পৌরসভাটি স্থানীয় জনগণের নাগরিক সেবা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।






















