মনিরামপুরে পোষা বিড়ালকে লাথি মেরে আহত করায় থানায় অভিযোগ
- আপডেট সময় : ০৮:০৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- / ৪৪ বার পঠিত

যশোরের মণিরামপুর পৌরসভার তাহেরপুর মিম টাওয়ার সংলগ্ন এলাকায় একটি পোষা বিড়ালকে লাথি মেরে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিড়ালটির পালক ও সাংবাদিক এস এম তাজাম্মুল। অভিযোগ অনুযায়ী, গত ৩০ জুন রাত প্রায় ১টার দিকে এ ঘটনা ঘটে। পরদিন সকালে মণিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
লিখিত অভিযোগে বলা হয়েছে, কয়েক দিন আগে অভিযোগকারীর বাসার গেটের সামনে স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলামের দোকানের ময়লা ফেলা এবং ক্রেতাদের সাইকেল রাখা নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরপর থেকেই তাদের মধ্যে বিরোধ চলছিল।
অভিযোগকারী এস এম তাজাম্মুল জানান, ৩০ জুন রাতে ব্রাজিলের ফুটবল ম্যাচ শেষ হওয়ার পর রফিকুল ইসলাম তার দোকান পরিষ্কার করছিলেন। এ সময় তিনি পাশের একটি গ্যারেজ মালিকের সঙ্গে কথা বলছিলেন। একপর্যায়ে অভিযোগকারীর পোষা বিড়ালটি দোকানের সামনে গেলে রফিকুল ইসলাম ইচ্ছাকৃতভাবে বিড়ালটিকে জোরে লাথি মারেন বলে অভিযোগ করা হয়েছে। এতে বিড়ালটি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অসুস্থ হয়ে পড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়।
সাংবাদিক এস এম তাজাম্মুল বলেন, “দীর্ঘদিন ধরে লালন-পালন করা একটি পোষা প্রাণীর ওপর এমন নিষ্ঠুর আচরণ আমাকে মানসিকভাবে ভেঙে দিয়েছে।” তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত রফিকুল ইসলাম বিড়ালকে লাথি মারার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “এমন কোনো ঘটনা ঘটেনি।” পরে আলাপচারিতার একপর্যায়ে তিনি জানতে চান, “বিড়ালটি মারা গেছে কি না?” এরপর এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি।
মণিরামপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।























