মাও সেতুংয়ের ৫০তম মৃত্যুবার্ষিকীতে যশোরে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা
- আপডেট সময় : ০৬:৪২:৪৬ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- / ২১ বার পঠিত

চীনের বিপ্লবী নেতা কমরেড মাও সেতুংয়ের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে শ্রদ্ধাঞ্জলি, লাল সালাম ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সাম্রাজ্যবাদবিরোধী মঞ্চ, যশোরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে কমরেড মাও সেতুংয়ের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন উপস্থিত নেতাকর্মীরা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কমরেড খবির শিকদার। শিক্ষক ও লেখক শ্যামল শর্মার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বাম নেতা কমরেড শামীম বিশ্বাস এবং ছাত্র প্রতিনিধি সুমাইয়া শিকদার ইলা ও সুরাইয়া শিকদার। এ সময় আকবর আলী, শহর আলী, শওকত হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা মাও সেতুংয়ের রাজনৈতিক দর্শন, মার্কসবাদ-লেনিনবাদের বিকাশে তাঁর ভূমিকা এবং শোষণ, বৈষম্য ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরেন।
বক্তারা বলেন, বর্তমান বিশ্বে যুদ্ধ, অর্থনৈতিক বৈষম্য, শ্রমিক শোষণ ও সম্পদের অসম বণ্টনের বিরুদ্ধে বিভিন্ন দেশে রাজনৈতিক ও গণআন্দোলন চলছে। বাংলাদেশের বাস্তবতায় শ্রমিক, কৃষক ও নিম্নআয়ের মানুষের নানা সংকট নিয়েও সভায় আলোচনা করা হয়।
সভা থেকে শ্রমজীবী ও নিপীড়িত মানুষের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে মাও সেতুংয়ের চিন্তা ও ঐতিহাসিক অভিজ্ঞতা অধ্যয়ন এবং সমালোচনামূলক মূল্যায়নের মাধ্যমে রাজনৈতিক আন্দোলনকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
























