
বেনাপোল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, তার ছেলে ও ভাতিজাদের বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বিএনপি নেতারা। রবিবার (৭ জুন) বিকেল সাড়ে ৫টায় বেনাপোল পৌরসভার ছোট আঁচড়া এলাকায় ৮ নম্বর ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন পৌরসভার ৯টি ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সবুর শেখ। তিনি বলেন, ইসরাফিল সরদার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। সম্প্রতি তার, তার ছেলে ও ভাতিজাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে করা হয়েছে বলে তারা মনে করেন।
লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, ঘটনার দিন বিকেলে ইসরাফিল সরদারের ছেলে ও ভাতিজারা ব্যক্তিগত একটি বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির অফিসে গিয়েছিলেন। তবে সেখানে কাউকে না পেয়ে তারা ফিরে আসেন। পরবর্তীতে রাতের একটি হামলা ও গুলিবর্ষণের ঘটনায় তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, যা তাদের কাছে রহস্যজনক ও প্রশ্নবিদ্ধ বলে মনে হয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বিভিন্ন সড়ক, ব্যবসা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজ, মোবাইল ফোনের লোকেশন এবং অন্যান্য প্রযুক্তিগত তথ্য নিরপেক্ষভাবে যাচাই করলে প্রকৃত ঘটনা ও জড়িত ব্যক্তিদের পরিচয় বেরিয়ে আসবে। তারা প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার পাশাপাশি নিরপরাধ ব্যক্তিদের হয়রানি না করার আহ্বান জানান।
এ সময় প্রশাসনের প্রতি চার দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো— ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত, সিসিটিভি ফুটেজ ও ডিজিটাল তথ্য-উপাত্ত যাচাই, প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং নিরপরাধ ব্যক্তিদের হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতি প্রদান। সংবাদ সম্মেলনে বেনাপোল পৌরসভার ৯টি ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, ৮ নম্বর ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ বলেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটিত হবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে বলে তারা আশাবাদী। একই সঙ্গে বিষয়টি জনসাধারণ ও প্রশাসনের নজরে আনতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন তারা।





















