মুক্তির পরেই ঝড় তুললো থালাপতি বিজয়ের শেষ ছবি
- আপডেট সময় : ১০:০০:০৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
- / ৫০ বার পঠিত

অভিনয় ছেড়ে পুরোপুরি রাজনীতিতে যাওয়ার আগে থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগন’ মুক্তির মাত্র দুই দিনেই বিশ্বব্যাপী ১১২ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে। শক্তিশালী সূচনা করলেও বিজয়ের আগের দুই ব্লকবাস্টার ‘লিও’ (২০২৩) এবং ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম (GOAT)’-এর আয়কে ছাড়িয়ে যেতে পারেনি ছবিটি।
এইচ. বিনোথ পরিচালিত সিনেমাটি গত ২৩ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির প্রথম দিন (বৃহস্পতিবার) ভারতে ছবিটি ৪২ কোটি ৭০ লাখ রুপি নিট আয় করে। তবে দ্বিতীয় দিন (শুক্রবার) আয় কমে দাঁড়ায় ২১ কোটি ১৫ লাখ রুপিতে। ফলে ভারতে দুই দিনে ছবিটির মোট নিট আয় হয়েছে ৬৩ কোটি ৮৫ লাখ রুপি, যার গ্রস আয় প্রায় ৭৫ কোটি রুপি।
বিদেশের বাজার থেকে ছবিটি আয় করেছে আরও ৩৭ কোটি ৫০ লাখ রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে ১১২ কোটি ৫০ লাখ রুপিতে। বক্স অফিস বিশ্লেষক প্রতিষ্ঠান স্যাকনিলকের তথ্য অনুযায়ী, ভারতের বাজারে বিজয়ের আগের দুই সিনেমার তুলনায় এই ছবির আয় কিছুটা পিছিয়ে রয়েছে।
তুলনামূলকভাবে, ‘GOAT’ মুক্তির প্রথম দুই দিনে ভারতে ৬৯ কোটি ৫০ লাখ রুপি এবং বিশ্বব্যাপী ১৫২ কোটি ৯৪ লাখ রুপি আয় করেছিল। অন্যদিকে ‘লিও’ একই সময়ে ভারতে ৯৯ কোটি ৫ লাখ রুপি এবং বিশ্বব্যাপী ২১০ কোটি ২১ লাখ রুপি আয় করে নতুন রেকর্ড গড়েছিল।
এদিকে, ছবিটির দর্শক উপস্থিতিতেও কিছুটা ভাটা পড়েছে। প্রথম দিনে যেখানে প্রেক্ষাগৃহে দর্শক উপস্থিতি ছিল ৪১ দশমিক ৬ শতাংশ, দ্বিতীয় দিনে তা কমে ২৯ দশমিক ৫ শতাংশে নেমে আসে। ভারতে ছবিটির সবচেয়ে বড় বাজার ছিল তামিলনাড়ু। দুই দিনে রাজ্যটি থেকে এসেছে ৪১ কোটি রুপি। এর মধ্যে প্রথম দিনে আয় ছিল ২৬ কোটি এবং দ্বিতীয় দিনে ১৫ কোটি রুপি।
এ ছাড়া কর্ণাটক থেকে ১৪ কোটি ৪৭ লাখ, কেরালা থেকে ৭ কোটি ৫০ লাখ, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা মিলিয়ে ৬ কোটি ২৫ লাখ এবং ভারতের অন্যান্য অঞ্চল থেকে ৫ কোটি ৭৮ লাখ রুপি আয় করেছে ছবিটি। ‘জন নায়াগন’ সিনেমায় থালাপতি বিজয় অভিনয় করেছেন সাবেক পুলিশ কর্মকর্তা ভেত্রি কন্ডন চরিত্রে। গল্পে তিনি তাঁর দত্তককন্যা ভিজিকে (মামিথা বাইজু) সেনাবাহিনীতে পাঠানোর জন্য নানা প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করেন। ছবিতে খলনায়কের ভূমিকায় রয়েছেন বলিউড অভিনেতা ববি দেওল।
তবে সমালোচকদের কাছ থেকে ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। ইন্ডিয়া টুডে ছবিটিকে ৫-এর মধ্যে ২ তারকা দিয়ে মন্তব্য করেছে, বিরতির পর গল্পের নিয়ন্ত্রণ হারিয়ে ছবিটি অপ্রয়োজনীয়ভাবে অতিনাটকীয় হয়ে উঠেছে। সমালোচকদের মিশ্র মূল্যায়নের পরও মুক্তির দুই দিনেই ১১২ কোটি ৫০ লাখ রুপি আয় করে বক্স অফিসে শক্ত অবস্থান ধরে রেখেছে ‘জন নায়াগন’। এখন নজর থাকবে সপ্তাহান্তে ছবিটি আয় বৃদ্ধির ধারা ধরে রাখতে পারে কি না।

























