
পড়াশোনা, খেলাধুলা ও অভিনয়—সব ক্ষেত্রেই সমান দক্ষতার স্বাক্ষর রেখে এগিয়ে চলেছে যশোরের ঝিকরগাছার মেয়ে সুরাইয়া আক্তার জুঁই। নিজের মেধা, পরিশ্রম ও একাগ্রতায় এবার সে দেশের ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ প্রশিক্ষণ প্রতিষ্ঠান বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-তে অ্যাথলেটিক্স বিভাগে ভর্তির সুযোগ অর্জন করেছে। জুঁইয়ের এ সাফল্যে আনন্দিত তার পরিবার, শিক্ষক ও এলাকাবাসী।
ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের বেনেয়ালী কলোনিপাড়ার বাসিন্দা জুঁই। বাবা রাজু আহমেদ একজন ট্রাকচালক এবং মা বেবী খাতুন গৃহিণী। তিন ভাই-বোনের মধ্যে দ্বিতীয় জুঁই বর্তমানে ঝিকরগাছার এফজেডইউবি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। পড়াশোনায়ও সে সমান মনোযোগী; শ্রেণিতে তার অবস্থান দ্বিতীয়।
ছোটবেলা থেকেই বহুমুখী প্রতিভার পরিচয় দিয়ে আসছে জুঁই। বেনেয়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় মোবাইল ফোনে অভিনয় দেখে তা অনুকরণ করতে শুরু করে। পরে বিদ্যালয়ের এক অনুষ্ঠানে একক অভিনয়ের মাধ্যমে সবার নজর কাড়ে। শিক্ষক আশরাফুল ইসলামের উৎসাহ ও নিজের অদম্য আগ্রহে অভিনয়, বিতর্ক, উপস্থিত বক্তৃতা এবং খেলাধুলায় নিয়মিত অংশ নিতে থাকে সে।
ক্রীড়াঙ্গনে জুঁইয়ের সাফল্যও ঈর্ষণীয়। ২০২২-২৩ শিক্ষাবর্ষে ‘বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা’-এ বেনেয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হয়ে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয় তার দল। ওই আসরে জুঁই সেরা গোলদাতা, সেরা খেলোয়াড় এবং ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়।
অ্যাথলেটিক্সেও রয়েছে তার উল্লেখযোগ্য অর্জন। ২০২২ সালে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় জেলা পর্যায়ে দৌড়ে প্রথম স্থান অর্জনের পাশাপাশি উপজেলা পর্যায়ে উপস্থিত বক্তৃতা, দীর্ঘ লাফ ও উচ্চ লাফে কৃতিত্ব দেখিয়ে সাতটি সনদ লাভ করে। পরের বছর জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ও জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় একক অভিনয়ে উপজেলা পর্যায়ে প্রথম এবং দৌড় ও দীর্ঘ লাফে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে। এ পর্যন্ত জাতীয় ও স্থানীয় পর্যায়ে অন্তত ২২টি সনদ ও পুরস্কার অর্জন করেছে সে।
ঝিকরগাছা স্পোর্টস ক্লাবে নিয়মিত অনুশীলনের পাশাপাশি দীর্ঘদিন ধরে বিকেএসপিতে ভর্তি হওয়ার স্বপ্ন দেখছিল জুঁই। অবশেষে কঠোর পরিশ্রম ও মেধার স্বীকৃতি হিসেবে সে বিকেএসপির ট্র্যাক অ্যান্ড ফিল্ড বিভাগে সুযোগ পেয়েছে।
জুঁইয়ের স্কুলের শরীরচর্চা শিক্ষক ফরিদা পারভীন বলেন, “সুরাইয়া আক্তার জুঁই অত্যন্ত মেধাবী, পরিশ্রমী ও সম্ভাবনাময় একজন শিক্ষার্থী। আমরা বিশ্বাস করি, বিকেএসপির উন্নত প্রশিক্ষণ ও সুশৃঙ্খল পরিবেশ তাকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সফল ক্রীড়াবিদ হিসেবে গড়ে তুলবে।”
ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখছে জুঁই। একই সঙ্গে অভিনয়ের প্রতিও নিজের ভালোবাসা ধরে রাখতে চায় সে। ঝিকরগাছাবাসীর প্রত্যাশা, একদিন দেশের ক্রীড়াঙ্গন ও সাংস্কৃতিক অঙ্গনে উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠবে এই প্রতিভাবান কিশোরী।




















