যবিপ্রবিতে “এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট” শীর্ষক কর্মশালা
- আপডেট সময় : ০৯:৩৬:১৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
- / ৩৯ বার পঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) তরুণ শিক্ষার্থীদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে “এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট ট্রেইনিং” শীর্ষক পাঁচদিনব্যাপী বিশেষ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৯টায় স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের গ্যালারিতে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। বাংলাদেশ শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন ট্রেনিং ইনস্টিটিউটের আয়োজনে এবং যবিপ্রবির ব্যবসায় শিক্ষা অনুষদের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। এতে ব্যবসায় শিক্ষা অনুষদের চার বিভাগের ২৮ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. ইঞ্জি. ইমরান খান।
তিনি বলেন, “শিক্ষার্থীরা শুধু চাকরি করবে না, চাকরি দেবে—এটাই আমাদের বিশ্ববিদ্যালয়ের মিশন ও ভিশন। ভালো উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে এ ধরনের প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এসব প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা উদ্যোক্তা হওয়ার মানসিকতা ও চ্যালেঞ্জ মোকাবিলার দক্ষতা অর্জন করবে বলে আমি মনে করি।”
ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক ড. ফাতেমা সুলতানা, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক রুহুল কুদ্দুস এবং “এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট ট্রেইনিং” কোর্সের ডিরেক্টর মো. তানজীম হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রশিক্ষণ কোর্সের ডিরেক্টর মিফতাহুল জান্নাত রিপা।










