বহাল গাড়িচালক সাহেব আলী
যবিপ্রবিতে খালেদা জিয়ার ভিত্তিপ্রস্তর ভাঙচুরের অভিযোগ
- আপডেট সময় : ০৮:৫৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
- / ৬৮ বার পঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাঙ্কিত ভিত্তিপ্রস্তর ভাঙচুরের ঘটনায় দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তদন্ত প্রতিবেদন প্রকাশ না হওয়ায় প্রশ্ন উঠেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্তের আশ্বাস দিলেও এখনো এর অগ্রগতি স্পষ্ট নয় বলে অভিযোগ সংশ্লিষ্টদের।
গত এপ্রিল মাসে যবিপ্রবি পরিদর্শনে গিয়ে বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় তিনি বলেন, ‘ঠিক এভাবেই বিগত দিনে আমাদের কলিজাতে কত আঘাত তারা করেছে।’
বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্টদের অভিযোগ, বিগত সরকারের সময়ে কিছু কর্মকর্তা-কর্মচারী রাজনৈতিক উদ্দেশ্যে বেগম খালেদা জিয়ার নাম-সম্বলিত ভিত্তিপ্রস্তরটি ভাঙচুর করেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের গাড়িচালক সাহেব আলীকে সে সময় তিন দিনের বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়েছিল বলে জানা যায়। তবে পরবর্তী সময়ে তাঁর মাস্টার রোলে থাকা চাকরি স্থায়ী করা হয়। এ ঘটনাকে অনেকে পুরস্কৃত করার সঙ্গে তুলনা করছেন।
৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ে আওয়ামীপন্থী হিসেবে পরিচিত কয়েকজন কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত বা বদলি হলেও ভিত্তিপ্রস্তর ভাঙচুরের ঘটনায় সাহেব আলীসহ যাঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাঁরা এখনো গুরুত্বপূর্ণ দায়িত্বে বহাল রয়েছেন বলে অভিযোগ সংশ্লিষ্টদের। বিশেষ করে এস্টেট ও পরিবহন বিভাগে তাঁদের প্রভাব রয়েছে বলেও দাবি করা হয়েছে।
এদিকে, ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় বেগম খালেদা জিয়ার নিজ হাতে রোপণ করা একটি নিমগাছ নষ্ট করার উদ্দেশ্যে এর পাশে একটি বটগাছ লাগানো হয়েছিল বলেও অভিযোগ উঠেছে। এ ঘটনায় তৎকালীন এস্টেট বিভাগের কয়েকজন কর্মকর্তার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা।
তবে এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে বিশ্ববিদ্যালয়ের গাড়িচালক সাহেব আলীর সঙ্গে দুই দফা ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
ভিত্তিপ্রস্তর ভাঙচুরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছিল কি না, হয়ে থাকলে কমিটির প্রতিবেদন ও সুপারিশ কী-এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সুস্পষ্ট তথ্য প্রকাশ না হওয়ায় বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সচেতন মহলে নানা প্রশ্ন তৈরি হয়েছে।




















