যবিপ্রবিতে বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- আপডেট সময় : ০৮:৩৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- / ২৬ বার পঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ৩১তম বিশ্ব ফিজিওথেরাপি দিবস-২০২৬ ও ফিজিওথেরাপি সেবা সপ্তাহ উপলক্ষে র্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে র্যালির মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে এম আর খান মেডিকেল সেন্টারে কেক কাটা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্যালারিতে ‘হৃদরোগ ও স্ট্রোক প্রতিরোধ, ব্যবস্থাপনা এবং পুনর্বাসনের ক্ষেত্রে ফিজিওথেরাপির ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পিটিআর বিভাগের সভাপতি অধ্যাপক ড. ফিরোজ কবিরের সভাপতিত্বে সভায় যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ফারুক হাসান, বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলের প্রতিনিধি এবং ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন (পিটিআর) বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
আলোচনায় ডা. আবু হায়দার মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, স্ট্রোক ও বিভিন্ন স্নায়বিক জটিলতায় আক্রান্ত রোগীর কর্মক্ষমতা ফিরিয়ে এনে স্বাভাবিক জীবনে ফেরাতে ফিজিওথেরাপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ডা. মুহাইমিন জিসান বলেন, হৃদরোগ ও ফুসফুসজনিত সমস্যায় বিশেষায়িত কার্ডিয়াক ও চেস্ট ফিজিওথেরাপি রোগীর শারীরিক সক্ষমতা পুনরুদ্ধার এবং অস্ত্রোপচার-পরবর্তী পুনর্বাসনে কার্যকর ভূমিকা রাখে।
নিউরো মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সুমন কবীর বলেন, ফিজিওথেরাপি অসুস্থ মানুষকে স্বাভাবিক জীবন, কর্মক্ষমতা ও আত্মনির্ভরতার পথে ফিরিয়ে আনার গুরুত্বপূর্ণ মাধ্যম।
যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবির বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশ ঘটিয়ে বিশ্বমানের ফিজিওথেরাপিস্ট হিসেবে গড়ে তুলতে হবে।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. ফিরোজ কবির বলেন, বৈজ্ঞানিক ফিজিওথেরাপি আধুনিক চিকিৎসাব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং মানসম্মত পুনর্বাসনসেবা নিশ্চিত করতে পিটিআর বিভাগ কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।























