যশোরে অসুস্থ হয়ে পুলিশ সদস্যের মৃত্যু
- আপডেট সময় : ০৩:৫৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
- / ৪৮ বার পঠিত

যশোরে অসুস্থ হয়ে জাহাঙ্গীর আলম (কনস্টেবল নং–১৩৪১) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকালে শহরের পালবাড়ি এলাকায় নিজ বাসায় অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্যরা জানান, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে বাসায় অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জাহাঙ্গীর আলম। পরে তাঁকে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত জাহাঙ্গীর আলমের বাড়ি চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার আনোয়ারপুর গ্রামে। তিনি যশোর শহরের পুরাতন কসবা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
পরিবারের সদস্যদের ভাষ্য, জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় ভুগছিলেন। এ কারণে তিনি ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। শনিবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয়।




















