আদালত চত্বরে তোলপাড়
যশোরে আদালত চত্বরে প্রেমিকার সিঁথিতে সিদুর দিলেন প্রেমিক
- আপডেট সময় : ০৯:৩০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
- / ২৯ বার পঠিত

যশোর আদালত চত্বরে প্রেমিকার কপালে প্রকাশ্যে সিঁদুর পরিয়ে দেওয়াকে কেন্দ্র করে এক যুবক ও তরুণীর মধ্যে তুমুল বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে আদালত পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সন্ধ্যায় দুজনকে কোতোয়ালি মডেল থানায় নেওয়া হয়। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে যশোর আদালত চত্বরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, তরুণীর বাড়ি মাগুরা জেলার শালিখা উপজেলায় এবং যুবকের বাড়ি যশোরের বাঘারপাড়া উপজেলার নাড়িকেলবাড়িয়া গ্রামে। তাদের মধ্যে প্রায় নয় বছরের প্রেমের সম্পর্ক রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে দুজন যশোরের পুরাতন পরিত্যক্ত জজ আদালতের সামনে অবস্থান করছিলেন। এ সময় কোনো একটি বিষয় নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে যুবক আগে থেকে সঙ্গে রাখা একটি পলিথিনে থাকা সিঁদুর বের করে হঠাৎ করেই তরুণীর কপালে পরিয়ে দেন। এ ঘটনায় তরুণী ক্ষুব্ধ হয়ে তীব্র প্রতিবাদ জানান। পরে দুজনের মধ্যে ধস্তাধস্তি ও হাতাহাতি শুরু হয়। ঘটনাটি দেখে উপস্থিত এক আইনজীবী কোর্ট ইন্সপেক্টরকে বিষয়টি জানান।
খবর পেয়ে কোর্ট ইন্সপেক্টর ইমদাদুল হক দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে দুজনকে আদালতের জিআরও কক্ষে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যায় তাদের কোতোয়ালি মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কোর্ট ইন্সপেক্টর ইমদাদুল হক বলেন, “পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে দুজনকে আদালতের জিআরও কক্ষে নেওয়া হয়। পরে তাদের কোতোয়ালি থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, “দুজনকেই থানায় আনা হয়েছে। তাদের অভিভাবকদের খবর দেওয়া হয়েছে। তারা এলে উভয় পক্ষের বক্তব্য শুনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”










