যশোরে চারটি সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন
- আপডেট সময় : ০৬:২৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
- / ২০ বার পঠিত

যশোর শহরের ৫ নম্বর ওয়ার্ডের সার্কিট হাউস পাড়াসহ আশপাশের এলাকার যোগাযোগব্যবস্থা ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে চারটি সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি।
উদ্বোধন করা প্রকল্পগুলোর মধ্যে রয়েছে আব্দুল হালিম রোডের বাই-লেনের ক্যালকুলাস কোচিং সেন্টার থেকে জীবন আলীর বাড়ি পর্যন্ত রাস্তা ও ড্রেন নির্মাণ। একই রোডের হকার্স মার্কেট থেকে সাবেক কাউন্সিলর রাশিদার বাড়ি পর্যন্ত রাস্তা ও ড্রেন নির্মাণকাজও এর অন্তর্ভুক্ত।
এ ছাড়া সার্কিট হাউস পাড়া রোডের বাই-লেনের মরহুম কুয়াশার বাড়ি থেকে এমএম কলেজের পূর্ব গেট পর্যন্ত এবং শামীমের বাড়ি থেকে জাহিদের বাড়ি পর্যন্ত রাস্তা ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করা হয়। এসব উন্নয়নকাজ বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের যাতায়াত ও পানি নিষ্কাশন সমস্যার সমাধানে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এম তমাল আহমেদ, যশোর জেলা যুবদলের সদস্যসচিব আনসারুল হক রানা, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকন এবং সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মারফুজ্জামান কাঞ্চন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মানিক, জেলা যুবদলের সদস্য শরিফুল হাসান হ্যাটট্রিক, জহুরুল হক শিমুল ও ওয়াসি আহমেদ উজ্জ্বল।
এ ছাড়া নগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম তারা, রিফাজুল ইসলাম রাজু এবং নগর যুবদল নেতা শাহ আলমসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উন্নয়নকাজের উদ্বোধন উপলক্ষে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
























