জানুয়ারিতে শুরু, মে মাসে শেষ
যশোরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা
- আপডেট সময় : ১২:০১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / ৯৪ বার পঠিত

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে পাঁচ ধাপে ভোট গ্রহণের সম্ভাব্য তারিখ ও ইউনিয়ন পরিষদভিত্তিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রকাশিত তালিকা অনুযায়ী, যশোরের আট উপজেলার ৯২টি ইউনিয়ন পরিষদে আগামী ২১ জানুয়ারি থেকে ২৭ মে পর্যন্ত পর্যায়ক্রমে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম ধাপে ২১ জানুয়ারি শার্শা উপজেলার ১১টি ইউনিয়নে ভোট গ্রহণের মধ্য দিয়ে জেলায় নির্বাচনী কার্যক্রম শুরু হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নির্বাচনের ধাপ, তারিখ ও ইউনিয়ন পরিষদের সংখ্যা উল্লেখ করা হয়েছে।
ইসির তালিকা অনুযায়ী, সারা দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে পাঁচ ধাপে ভোট গ্রহণের পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে প্রথম ধাপে ১ হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদ রয়েছে।
যশোরে কোন উপজেলায় কবে ভোট
নির্বাচন কমিশনের প্রকাশিত সূচি অনুযায়ী, যশোরে প্রথম ধাপে ২১ জানুয়ারি শার্শা উপজেলার ১১টি ইউনিয়নে ভোট হবে। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি যশোর সদর উপজেলার ১৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
তৃতীয় ধাপে ২৯ এপ্রিল বাঘারপাড়া উপজেলার ৯টি ও অভয়নগর উপজেলার ৮টিসহ মোট ১৭টি ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে। চতুর্থ ধাপে ১৩ মে মণিরামপুর উপজেলার ১৬টি এবং কেশবপুর উপজেলার ১১টিসহ ২৭টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
সবশেষে পঞ্চম ধাপে ২৭ মে চৌগাছা ও ঝিকরগাছা উপজেলার ১১টি করে মোট ২২টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে।
এদিকে, ধাপভিত্তিক হিসাবে সারা দেশে প্রথম ধাপে ১২৭টি, দ্বিতীয় ধাপে ১২৫টি, তৃতীয় ধাপে ১২০টি, চতুর্থ ধাপে ৯৬টি এবং পঞ্চম ধাপে ৪০টি উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের আওতায় আসছে।
তবে ভোট গ্রহণের সম্ভাব্য তারিখ ও ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করা হলেও এখনো আনুষ্ঠানিক নির্বাচনী তফসিল ঘোষণা করেনি নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার পর মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই, প্রার্থিতা প্রত্যাহার ও প্রতীক বরাদ্দের বিস্তারিত সময়সূচি জানা যাবে।
যশোরের আট উপজেলার ৯২টি ইউনিয়নে নির্বাচনের সম্ভাব্য তারিখ প্রকাশের পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে নির্বাচনী আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যেও প্রস্তুতি, সমর্থন ও ভোটের হিসাব-নিকাশ নিয়ে তৎপরতা বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।




















