
এফসিপিএস (FCPS) প্রশিক্ষণের প্রহসনমূলক অধ্যাদেশ বাতিল, কার্যকর প্রশিক্ষণ ব্যবস্থা নিশ্চিতকরণ এবং ইন্টার্ন চিকিৎসকদের ন্যায্য ভাতার দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ ও কর্মবিরতি পালন করেছেন ইন্টার্ন চিকিৎসকরা।
রবিবার (৭ জুন) বেলা ১১টা থেকে ১১টা ৪০ মিনিট পর্যন্ত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিপুলসংখ্যক ইন্টার্ন চিকিৎসক অংশ নেন। সমাবেশে নেতৃত্ব দেন ইন্টার্ন ডাক্তার অ্যাসোসিয়েশন, যশোর জেলা শাখার সভাপতি ডা. মিশকাতুল আরেফিন, সাধারণ সম্পাদক ডা. মিরাজ আল মান্না এবং সাংগঠনিক সম্পাদক ডা. আফিদা ইয়াসমিন।
আন্দোলনকারী চিকিৎসকরা বলেন, এফসিপিএস প্রশিক্ষণ সংক্রান্ত বর্তমান অধ্যাদেশ প্রশিক্ষণার্থীদের স্বার্থবিরোধী এবং চিকিৎসা শিক্ষার মানোন্নয়নে সহায়ক নয়। তারা দ্রুত এ অধ্যাদেশ বাতিল করে যুগোপযোগী ও কার্যকর প্রশিক্ষণ ব্যবস্থা চালুর দাবি জানান। একই সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের জন্য ন্যায্য ও সম্মানজনক ভাতা নির্ধারণেরও দাবি তোলেন।
কর্মসূচিতে আনুমানিক ২০০ থেকে ২৫০ জন ইন্টার্ন চিকিৎসক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বক্তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য শান্তিপূর্ণ কর্মবিরতি ও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তবে কর্মসূচি চলাকালে হাসপাতাল প্রাঙ্গণের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল এবং সমাবেশটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

























