
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচনে খুলনা বিভাগ থেকে বিপুল ভোটে নবগঠিত পরিচালনা পর্ষদের পরিচালক পদে জয়লাভ করেছেন দক্ষিণাঞ্চলের পাঠকনন্দিত দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত। রবিবার (৭ জুন) অনুষ্ঠিত নির্বাচনে তিনি বিপুল ভোটে বিজয়ী হয়ে বিসিবির পরিচালনা পর্ষদে স্থান করে নেন।
শান্তনু ইসলাম সুমিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের জ্যেষ্ঠ পুত্র। তার এই বিজয়ে যশোরের ক্রীড়াঙ্গনে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। স্থানীয় ক্রীড়া সংগঠক ও খেলাপ্রেমীরা মনে করছেন, বিসিবির পরিচালক হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি যশোরসহ দেশের ক্রিকেটের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।
জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শফিকুজ্জামান বলেন, দীর্ঘদিন পর যশোরের ক্রীড়াঙ্গন থেকে একজন প্রকৃত ক্রীড়ামোদী বিসিবির পরিচালক হওয়ার গৌরব অর্জন করেছেন। তিনি আশা প্রকাশ করেন, সুমিতের নেতৃত্ব ও অভিজ্ঞতা দেশের ক্রীড়া উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, খেলাধুলার পরিবেশ আরও গতিশীল ও অংশগ্রহণমূলক হলে নতুন প্রজন্ম ক্রীড়ামুখী হবে এবং মেধাবী খেলোয়াড়রা নিজেদের প্রতিভা বিকাশের আরও সুযোগ পাবে। এ ক্ষেত্রে বিসিবির পরিচালক হিসেবে শান্তনু ইসলাম সুমিত কার্যকর ভূমিকা রাখবেন বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
দীর্ঘদিন পর দেশের ক্রিকেটের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরামে যশোর থেকে একজন যোগ্য, স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত হওয়ায় সমগ্র দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্রীড়াঙ্গনে অভূতপূর্ব আনন্দ ও উচ্ছ্বাসের বন্যা বয়ে যাচ্ছে। জেলার ক্রীড়া সংগঠক, সাবেক ও বর্তমান খেলোয়াড় এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মনে করছেন, সুমিতের এই বিজয়ের মাধ্যমে বিসিবিতে যশোরের দীর্ঘদিনের নেতৃত্বের খরা দূর হলো। শান্তনু ইসলাম সুমিতের এই বিজয়কে যশোরের ক্রীড়াঙ্গনের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

























