যশোরে ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন
- আপডেট সময় : ১০:০৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
- / ২১ বার পঠিত

যশোরের ঐতিহ্যবাহী ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘ওয়েডিং টাচ’-এর স্বত্বাধিকারী আদিত্য অধিকারীকে প্রাণনাশের হুমকি ও ব্যবসায়িক মালামাল লুটের হুমকির অভিযোগে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন জেলার ইভেন্ট ও ডেকোরেশন ব্যবসায়ীরা। একই সঙ্গে ঘটনা মীমাংসার উদ্যোগ নেওয়া ব্যবসায়ী নেতাদের গালিগালাজের অভিযোগেরও তীব্র নিন্দা জানানো হয়েছে।
বুধবার বিকেল ৪টায় প্রেসক্লাব যশোরের সামনে যশোর জেলা সাউন্ড লাইট মালিক কল্যাণ সমিতি, যশোর ইভেন্ট ম্যানেজমেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন এবং যশোর জেলা ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা অভিযোগ করেন, গত ১৬ জুলাই সকালে মাগুরা জজ কোর্ট এলাকার ‘শ্রাবণী ডেকোরেটর’-এর স্বত্বাধিকারী মাসুম বিল্লাহ মোবাইল ফোনে আদিত্য অধিকারীকে মাগুরায় কাজ করতে নিষেধ করেন। এ সময় তাকে অশালীন ভাষায় গালিগালাজের পাশাপাশি ব্যবসায়িক মালামাল লুট, মাগুরায় প্রবেশে বাধা এবং পরিবারসহ হত্যার হুমকি দেওয়া হয় বলে দাবি করা হয়। পরে ওই কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। এ ঘটনায় আদিত্য অধিকারী যশোর কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানানো হয়।
মানববন্ধনে আরও অভিযোগ করা হয়, বিষয়টির সমাধানের চেষ্টা করতে গেলে অভিযুক্ত ব্যক্তি যশোর জেলা সাউন্ড লাইট মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন হীরা এবং বাংলাদেশ সাউন্ড লাইট লজিস্টিকস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি রবিউল ইসলাম গাজীকেও অশালীন ভাষায় গালিগালাজ করেন।
বক্তারা বলেন, একজন ব্যবসায়ীকে ভয়ভীতি প্রদর্শন, প্রাণনাশের হুমকি ও ব্যবসা পরিচালনায় বাধা দেওয়ার মতো ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা অভিযোগ করেন, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অতীতেও বিভিন্ন ধরনের প্রতারণার অভিযোগ রয়েছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন। মানববন্ধন থেকে অভিযুক্তের প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
এ সময় যশোর জেলা সাউন্ড লাইট মালিক কল্যাণ সমিতির সভাপতি শ্রী গোলক চন্দ্র দত্ত, সহ-সভাপতি মো. ইদ্রিস আলী ও হারুন অর রশীদ বাচ্চু, সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন হীরা, যশোর ইভেন্ট ম্যানেজমেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা সুজন কুমার রায়, আহ্বায়ক হারুন-অর-রশিদ, সদস্য সচিব সাজেদুর রহমান অপু, সদস্য শিমুল ভূঁইয়া, যশোর জেলা ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির সভাপতি দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক আকবর হোসেন, প্রচার সম্পাদক কাজী আল মামুন, সদস্য গুপ্ত সাহা, অভয়নগর মালিক সমিতির সভাপতি টিটো, কেশবপুর ডেকোরেটর কল্যাণ সমিতির সভাপতি মশিয়ার রহমান, ইভেন্ট ব্যবসায়ী সামিউল ইসলাম, আদিত্য অধিকারীসহ তিন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, হুমকি ও প্রতারণার অভিযোগগুলো মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তাদের বক্তব্যের ভিত্তিতে উত্থাপিত হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি।
























