যশোরে উদ্ভাবনী ধারণা প্রদর্শনী মেলা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:২৯:২২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
- / ৫৪ বার পঠিত

“মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে যশোরে জেলা পর্যায়ে দিনব্যাপী ‘প্রকল্প উদ্ভাবনী ধারণা প্রদর্শনী’ বিষয়ক মেলা অনুষ্ঠিত হয়েছে।
রোববার যশোর সরকারি বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হয়। এতে জেলার আটটি উপজেলার আটটি শিক্ষা প্রতিষ্ঠান তাদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে। প্রদর্শনী ও প্রতিযোগিতা শেষে বিচারকদের মূল্যায়নে যশোর পলিটেকনিক ইনস্টিটিউট প্রথম স্থান অর্জন করে। দ্বিতীয় স্থান অধিকার করে শার্শার আকিজ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং তৃতীয় স্থান অর্জন করে ঝিকরগাছার বদরুদ্দিন মুসলিম হাইস্কুল।
বিকেলে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ।
এ সময় আরও উপস্থিত ছিলেন যশোর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ হোসেন, যশোর সরকারি এমএম কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নাহিদ নেওয়াজ, জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন, যশোর জিলা স্কুলের প্রধান শিক্ষক জয়নাল আবেদিন, যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল উদ্দিন এবং নওয়াপাড়া মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক কাজী শওকত শাহীসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত করার আহ্বান জানান।
























