যশোরে একদিনে দুই সড়ক দুর্ঘটনা
- আপডেট সময় : ০৯:৫৫:২৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
- / ৫০ বার পঠিত

যশোরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন আহত হয়েছেন। বুধবার (২৪ জুন) বিকেলে জেলার চৌগাছা ও সদর উপজেলার পৃথক স্থানে এ দুর্ঘটনাগুলো ঘটে। আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে চৌগাছা উপজেলার ইছাপুর বটতলা মোড় এলাকার একটি মিলের সামনে রাস্তা পারাপারের সময় আপন (১৫) নামে এক কিশোরকে একটি অজ্ঞাতনামা সিএনজি ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর সিএনজিচালক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। আহত আপন উপজেলার পেটভরা গ্রামের বাবলুর রহমানের ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
অন্যদিকে, বিকেল সাড়ে ৫টার দিকে যশোর শহরের আম বটতলা বাজারের পূর্ব পাশে একটি কাঠের মিলের সামনে মোটরসাইকেল ও একটি চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সাহিদ (৩৫) নামে এক ব্যক্তি আহত হন। তিনি যশোর শহরের আরএন রোড এলাকার বাসিন্দা এবং মৃত শাহজাদা সেলিমের ছেলে। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত দুইজনই যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের মতে, তাদের অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।
দুর্ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছে বলে জানা গেছে।


























